BRS TIMES
প্রথম মা হিসেবে মুকুটজয়ী জেনিফারের অজানা গল্প
প্রচ্ছদবিনোদন

প্রথম মা হিসেবে মুকুটজয়ী জেনিফারের অজানা গল্প

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে ইতিহাস গড়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম মা ও প্রথম বিবাহিত নারী হিসেবে সেরার মুকুট জিতেছেন ২৭ বছর বয়সী এই সুন্দরী। অথচ প্রতিযোগিতায় নামার আগে মডেলিং কিংবা সুন্দরী প্রতিযোগিতার কোনো অভিজ্ঞতাই ছিল না তাঁর।

বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৬টায় পুয়ের্তো রিকোর সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন স্বাগতিক দেশের প্রতিনিধি জেনিফার। তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ। এই জয়ে ২০ বছর পর আবার মিস ইউনিভার্সের মুকুট ফিরল পুয়ের্তো রিকোয়, সব মিলিয়ে এটি দেশটির ষষ্ঠ মুকুট।

মুকুটজয়ী জেনিফারের পথচলা

জেনিফারের পুরো নাম জেনিফার আব্রেউ মোরা। জন্ম ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর পুয়ের্তো রিকোর মায়াগুয়েজে, বেড়ে ওঠা ইসাবেলায়। ঘরে রয়েছে সাত বছরের কন্যা পেনেলোপে। স্বামী মার্কিন সেনাবাহিনীর সার্জেন্ট। ভক্তদের কাছে তিনি লা বারেতো নামেও পরিচিত।

পড়াশোনায়ও উজ্জ্বল জেনিফার। যুক্তরাষ্ট্রের কেনটাকি থেকে মনোবিজ্ঞানে স্নাতক শেষ করে মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে করেছেন দুটি মাস্টার্স ডিগ্রি। ট্রমা ইন্টারভেনশন, শিশু সুরক্ষা, পারিবারিক সহিংসতা ও আত্মহত্যা প্রতিরোধসহ নানা বিষয়ে রয়েছে তাঁর বিশেষ প্রশিক্ষণ।

২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের হয়ে টেক্সাসের ফোর্ট কাভাজোসে কাজ করছেন তিনি। সেনা পরিবারদের জন্য ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে শিক্ষক ও ক্রাইসিস রেসপন্ডার হিসেবে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। পরে প্রিভেনশন স্পেশালিস্ট হিসেবে কমিউনিটির চাহিদা নিরূপণ ও প্রতিরোধমূলক কর্মসূচি তৈরির কাজ করেন। পাশাপাশি পুয়ের্তো রিকোর শিশু ডায়াবেটিস সংগঠনের সঙ্গেও স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত তিনি।

সুন্দরী প্রতিযোগিতায় জেনিফারের যাত্রা শুরু মাত্র গত বছর। ২০২৫ সালের মাঝামাঝি প্রস্তুতি শুরু করে কমিয়ে ফেলেন প্রায় ৭০ পাউন্ড ওজন। জীবনের প্রথম রানওয়েতে হাঁটেন এ বছরের ফেব্রুয়ারিতে। এরপর জুনে জেতেন মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোর মুকুট, আর কয়েক মাসের ব্যবধানেই বিশ্বমঞ্চে সেরার স্বীকৃতি। ছোটবেলায় ভলিবল খেললেও কাঁধের চোটে খেলোয়াড়ি জীবন থেমে যায় তাঁর।

জয়ের পর জেনিফার বলেছেন, মাতৃত্ব কখনোই নারীর স্বপ্নের পথে বাধা নয়। মিস ইউনিভার্সের মঞ্চকে তিনি কাজে লাগাতে চান মানসিক স্বাস্থ্য ও নারী এবং পরিবারের কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে। তাঁর এই জয় তাই শুধু একটি মুকুট নয়, বিশ্বজুড়ে অসংখ্য মায়ের জন্য নতুন অনুপ্রেরণাও।

Related posts

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

News Desk

নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত আছে : কৃষি উপদেষ্টা

News Desk

ইউক্রেনের ড্রোনের ঝাঁকে আটকা পড়েছিল পুতিনের হেলিকপ্টার

brs@admin

আফগানিস্তান টেস্টই শেষ ‐ জিম্বাবুয়ে ছাড়ছেন স্যামন্স

rahman himel

আ’লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৫

News Desk

গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন

News Desk