চুক্তির মেয়াদ বাকি ছিল আরও দুই বছর। এর অনেক আগেই জিম্বাবুয়ের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাস্টিন স্যামন্স। শারজায় আফগানিস্তানের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টই হবে তার শেষ অ্যাসাইনমেন্ট।
জিম্বাবুয়ে ক্রিকেট শনিবার এক বিবৃতিতে স্যামন্সের পদত্যাগের খবর জানিয়েছে। ২০২৮ সালের শেষ পর্যন্ত চুক্তি থাকলেও পরিবারকে সময় দিতে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
স্যামন্সের আমলে জিম্বাবুয়ের সাফল্য
২০২৪ সালের জুনে দায়িত্ব নেওয়ার পর জিম্বাবুয়ে ক্রিকেটে নতুন প্রাণ সঞ্চার করেন স্যামন্স। তার কোচিংয়ে তিনটি টেস্ট জিতেছে জিম্বাবুয়ে, যার মধ্যে রয়েছে ২০২৫ সালের এপ্রিলে সিলেটে বাংলাদেশকে হারিয়ে ২০২১ সালের পর প্রথম অ্যাওয়ে টেস্ট জয়। ঘরের মাঠে টানা দুটি ইনিংস ব্যবধানের জয়ও এসেছে তার আমলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়েকে ইতিহাসের সেরা ফলও এনে দিয়েছেন তিনি। ২০২৬ সালের আসরে তার অধীনে সুপার এইটে উঠেছিল দলটি। এর আগে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং পরামর্শক ছিলেন স্যামন্স।
জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেছেন, স্যামন্সের পদত্যাগপত্র গ্রহণ করা তাদের জন্য খুব কঠিন ছিল। তবে পরিবারের কাছে ফেরার সিদ্ধান্তকে তারা বুঝতে পারছেন এবং সম্মান জানাচ্ছেন। স্যামন্সের বিদায়ের পর নতুন প্রধান কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করবে বোর্ড।




