জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সামান্তা শারমিন জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পরিচয় দিয়ে ফোনে তাকে হুমকি দেওয়া হয়েছে। তাকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান সামান্তা শারমিন। পোস্টে তিনি উল্লেখ করেন, বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি দুপুর ১২টা ২৭ মিনিটে ফোন করে কিছুদিনের মধ্যে তাকে জয় বাংলা করে দেওয়ার হুমকি দেন।
সামান্তা শারমিন যা বললেন
সামান্তা শারমিন বলেন, হোয়াটসঅ্যাপে কল এলে প্রথমে নেটওয়ার্ক চলে যায়, শুধু বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয়টুকু শুনতে পান তিনি। পরে আবার ফোন করে ওই ব্যক্তি নিজের নাম সবুজ খান বলে পরিচয় দেন এবং হুমকি দেন। জয় বাংলা জিনিসটা কী, জানতে চাইলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
একপর্যায়ে সামান্তা শারমিন হুমকিদাতাকে জিজ্ঞেস করেন, তিনি বরগুনা জেলা ছাত্রলীগের কোন পদে আছেন এবং কোথা থেকে রাজনীতি করেন। কোনো উত্তর না দিয়ে গালিগালাজ করতে করতে একপর্যায়ে নিজেই ফোন কেটে দেন ওই ব্যক্তি। এ ঘটনায় আজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছেন সামান্তা শারমিন।
জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন সামান্তা শারমিন। পরে এনসিপি গঠিত হলে তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হন, সবশেষ ছিলেন যুগ্ম আহ্বায়ক। গত ৫ নভেম্বর তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন।
এর আগে গত শুক্রবার হত্যার হুমকি পাওয়ার কথা জানান এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। তার আগের দিন এনসিপির আরেক সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুনের ঘটনা ঘটে, যাকে নাশকতা বলছেন তিনি।




