হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীর থেকে প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। উদ্ধার করা বস্তুর আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা।
রোববার ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
যেভাবে ধরা পড়ল স্বর্ণসদৃশ বস্তু
এক্স-রে পরীক্ষায় যাত্রীর পায়ুপথে লুকানো স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে সেখান থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেন কর্মকর্তারা। এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধারকৃত বস্তুর ওজন প্রায় এক হাজার গ্রাম।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, উদ্ধারকৃত বস্তু থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা পরীক্ষা এবং পরিশোধনের পর নিশ্চিত হওয়া যাবে।
অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। চক্রটি শনাক্তে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে তারা।




