বান্দরবানে অনুষ্ঠিত হলো মারমা সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যের মহাপিণ্ডদান উৎসব ছোয়াইং গ্রী। বুধবার সকালে রাজগুরু বৌদ্ধবিহার থেকে তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু খালি পায়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে ভক্তদের কাছ থেকে পিণ্ড গ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে পুরো শহর।
সকালে বৌদ্ধ ভিক্ষুদের যাত্রা শুরু হয় রাজগুরু বৌদ্ধবিহার প্রাঙ্গণ থেকে। রাজারমাঠ, উজানীপাড়া, মধ্যমপাড়া ও জাদিপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে ভিক্ষুরা পিণ্ড সংগ্রহ করেন। পাড়ায় পাড়ায় বর্ণিল প্যান্ডেল আর সাজসজ্জা করে ভিক্ষুদের বরণ করে নেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ভক্তরা ভিক্ষু সংঘকে ভাতের পিণ্ড, নগদ টাকা, চাল, ফল, মিষ্টি, মোমবাতি ও আগরবাতি দান করেন।
উৎসবে বহন করা সোনার বুদ্ধমূর্তির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সহধর্মিণী মমচিং ও জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংও এদিন ভিক্ষুদের পিণ্ডদান করেন।
বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ অনুশীলন দানশীলতা আর ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা নিবেদন। সেই ধারাবাহিকতায় কঠিন চীবর দান উৎসব শেষে ভিক্ষুদের সম্মানে আয়োজন করা হয় এই মহাপিণ্ডদানের। কথিত আছে, গৌতম বুদ্ধ খালি পায়ে হেঁটে বিভিন্ন বৌদ্ধপল্লিতে ছোয়াং, অর্থাৎ খাবার সংগ্রহ করতেন। তাঁর সেই ঐতিহ্য ধরেই যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে এই উৎসব। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালনের পর প্রবারণা পূর্ণিমা থেকে শুরু হয় মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব, যার সমাপ্তি ঘটে মহাপিণ্ডদানের মধ্য দিয়ে।
মহাপিণ্ডদানের ঐতিহ্য
স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের তথ্য অনুযায়ী, বান্দরবানে ১৯৩০ সাল থেকে মহাপিণ্ডদান উৎসব পালিত হয়ে আসছে। প্রচলিত আছে, বোমাং সার্কেলের ত্রয়োদশ বোমাং রাজা ক্যজ সাইন বান্দরবানে এই উৎসবের প্রচলন করেন। সেই থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে আয়োজিত হয়ে আসছে উৎসবটি। শুধু বাংলাদেশেই নয়, প্রতিবেশী মিয়ানমার ও থাইল্যান্ডেও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এ ধরনের পিণ্ডদান উৎসবের প্রচলন রয়েছে।
ঐতিহ্যবাহী পোশাক পরে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন উৎসবে। দান, প্রার্থনা আর ধর্মীয় আচার-অনুষ্ঠানে সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে বান্দরবান শহর। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি উৎসব দেখতে ভিড় জমান অনেক দর্শনার্থীও। ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস আর পারস্পরিক সম্প্রীতির এই মিলনমেলা পাহাড়ি জনপদে আলাদা আবহ তৈরি করে।

