রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। শুধু বিজয়ী হিসেবেই নয়, ভোটার হিসেবেও এই পুরস্কারের ইতিহাসে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ব্যালন ডি’অরের আয়োজক ফ্রান্স ফুটবল এবার প্রকাশ করেছে মেসির দেওয়া ১১টি ভোটের পূর্ণ ইতিহাস। সেই তালিকায় দেখা যাচ্ছে, চার আর্জেন্টাইনসহ মোট ১৭ জন ফুটবলার পেয়েছেন মেসির ভোট।
২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে মূল ব্যালন ডি’অরের ভোট দিয়েছিলেন মেসি; তখন জাতীয় দলের অধিনায়কেরা বিচারকমণ্ডলীর সদস্য ছিলেন। ওই পাঁচ বছরে তিনি শুধু বার্সেলোনা অথবা আর্জেন্টিনা দলের সতীর্থদেরই ভোট দিয়েছেন। তাঁর পাঁচটি ব্যালটের প্রতিটিতেই ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা, যাঁকে দুবার তিনি রেখেছিলেন প্রথম স্থানে। জাভি হার্নান্দেস ছিলেন তিনটি ব্যালটে।
মেসির ভোটের পূর্ণ তালিকা
মূল পুরস্কারে মেসির ভোট পাওয়া চার আর্জেন্টাইন হলেন সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, হাভিয়ের মাশচেরানো ও আলেহান্দ্রো গারনাচো; তবে গারনাচোর ভোটটি তিনি পেয়েছিলেন কোপা ট্রফির বিচারক হিসেবে। আগুয়েরোকে দুবার ভোট দিয়েছিলেন মেসি। ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালের পর তিনি প্রথম স্থানে রেখেছিলেন দি মারিয়াকে আর তৃতীয় স্থানে মাশচেরানোকে। ২০১৫ সালে তাঁর পছন্দের শীর্ষে ছিলেন লুইস সুয়ারেস, দ্বিতীয় স্থানে নেইমার।
২০২১ সাল থেকে অনূর্ধ্ব-২১ ফুটবলারদের পুরস্কার কোপা ট্রফির বিচারকমণ্ডলীতে আছেন মেসি। এই ছয় আসরে তাঁর ভোট পেয়েছেন পেদ্রি, গাভি, জামাল মুসিয়ালা, লামিন ইয়ামাল, পাউ কুবারসি, নুনো মেন্দেস, জুড বেলিংহাম, দেজিরে দুয়ে ও ইব্রাহিম মাজাসহ অনেকে। সর্বশেষ আসরে ইয়ামাল মাত্র ৯৬-৯৪ পয়েন্টে হারিয়েছিলেন কুবারসিকে; মেসি ইয়ামালকে প্রথম ও কুবারসিকে দ্বিতীয় স্থানে রাখায় তাঁর ভোটই হয়ে ওঠে নির্ণায়ক।
সব মিলিয়ে মেসির ভোটের ধরন স্পষ্ট, ব্যক্তিগত পছন্দের চেয়ে সতীর্থদের প্রতি আনুগত্যই প্রাধান্য পেয়েছে তাঁর ব্যালটে। মূল পুরস্কারের পাঁচ ব্যালটে তিনি বাইরের কাউকে জায়গা দেননি; বার্সেলোনা ও আর্জেন্টিনা দলের সঙ্গীরাই ছিলেন তাঁর সব পছন্দের কেন্দ্রে।

