নতুন শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় উপহার নিয়ে আসছে সরকার। বিনামূল্যে পাঠ্যবইয়ের পাশাপাশি এবার শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা, মোজা ও স্কুলব্যাগও দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাঁচ বছর মেয়াদি পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) এর আওতায় এই সুবিধা পাবে দেশের ১ কোটি ৬ লাখের বেশি শিক্ষার্থী।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, পোশাক ও অন্যান্য উপকরণের জন্য শিক্ষার্থীপ্রতি বছরে সর্বোচ্চ ১ হাজার ৯৫০ টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে স্কুল ড্রেসে ৬০০ টাকা, ব্যাগে ৬০০ টাকা, জুতায় ৭০০ টাকা ও মোজায় ৫০ টাকা বরাদ্দের হিসাব করা হয়েছে। তবে দরপত্রের মাধ্যমে কেনাকাটার সময় প্রকৃত ব্যয় আরও কমানোর চেষ্টা করা হবে।
সরকারের উপহারে যা যা থাকছে
গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পিইডিপি-৫ কর্মসূচি অনুমোদন পায়। পাঁচ বছর মেয়াদি এই কর্মসূচিতে মোট ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ৯০ কোটি টাকা, যার মধ্যে সরকারের অর্থায়ন ৩৩ হাজার ২০৩ কোটি এবং বৈদেশিক অর্থায়ন ৭ হাজার ৮৮৭ কোটি টাকা। কর্মসূচির মোট ব্যয়ের ২৫ দশমিক ২ শতাংশই ব্যয় হবে শিক্ষার্থীদের পোশাক, জুতা, মোজা ও ব্যাগ কেনায়।
তবে প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রথম বছর শিক্ষাবর্ষের শুরুতেই সব উপকরণ একসঙ্গে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে না। এক কোটির বেশি শিক্ষার্থীর জন্য পোশাক ও জুতার মাপ ও মান নিশ্চিত করতে বাড়তি প্রস্তুতির প্রয়োজন; তাড়াহুড়ো করে ত্রুটিপূর্ণ উপকরণ দিতে চায় না সরকার। আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই দেওয়া হবে, আর ড্রেস-জুতাসহ বাকি উপকরণ পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।
এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে মিড-ডে মিল কার্যক্রম সম্প্রসারণ করা হবে এবং বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে। স্কুল ড্রেসের মান, রং, কাপড় ও বয়স-শ্রেণি অনুযায়ী মাপ নির্ধারণে বিজিএমইএ, বিটিএমএসহ সংশ্লিষ্টদের নিয়ে কমিটিও গঠন করা হয়েছে।

