ব্যবসা শুরু ও পরিচালনার সরকারি সেবা পেতে দীর্ঘসূত্রতা কমাতে বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে এখন ৫০ থেকে ৫৫ দিন বা তার বেশি সময় লাগে। এই সময় ১৪ দিনে নামিয়ে আনতে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বাধীন আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব পরিকল্পনা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সেবা ডিজিটাল করা এবং ওয়ান-স্টপ সার্ভিস কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং ইনভেস্ট বাংলাদেশের ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে এ সময় ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমবে এবং বিনিয়োগের পরিবেশ উন্নত হবে বলে আশা করছে সরকার।
ট্রেড লাইসেন্সসহ সেবা সহজ করতে আরও যা পরিকল্পনা
বৈঠকে রপ্তানি বহুমুখীকরণকে অর্থনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তৈরি পোশাকনির্ভর রপ্তানি কাঠামো থেকে বেরিয়ে চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় এনে স্বর্ণালঙ্কার রপ্তানির উপযোগী করে তোলার পরিকল্পনাও রয়েছে।
চামড়া খাতের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সাভার চামড়াশিল্প নগরীতে পরিবেশগত মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের চেষ্টা চলছে।
আন্তর্জাতিক বাজারে রপ্তানি সক্ষমতা বাড়াতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা চলছে। আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে বলেও বৈঠকে জানানো হয়।
বৈঠকে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় সহায়তার আশ্বাস দেন। বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণের আগে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।




