পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর সদর উপজেলা বিএনপি
বুধবার বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জিয়াউল কবির পুটন, সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক হাওলাদার, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক রুহুল আমিন হাওলাদার, সদস্য সচিব রেজাউল করিম মিঠু, পিরোজপুর পৌর বিএনপি’র সদস্য সচিব রিয়াজ আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আব্দুল মতিন হাওলাদার, যুগ্ন আহ্বায়ক ও পৌর কাউন্সিলর ইকবাল হোসেন বাবু, যুগ্ন আহ্বায়ক সোহেল রানাসহ জেলা, উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।
এ সময় বক্তারা বলেন, ১৬ বছর ধরে লুটপাট করে বিদেশে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা পার্শ্ববর্তী একটি দেশে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের লুটের টাকা দিয়ে সন্ত্রাসীদের মাঠে নামিয়ে দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।
তারা আরও বলেন, শত ষড়যন্ত্র করলেও ফ্যাসিস্ট হাসিনা ও তার সন্ত্রাসী দল আওয়ামী লীগকে বাংলার জনগণ কোনদিন মেনে নেবে না। বক্তারা, দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।




