ইন্দোনেশিয়ার ভয়াবহ দাবানল থেকে সীমান্ত পেরিয়ে আসা বিষাক্ত ধোঁয়ায় বায়ুদূষণ সংকটজনক পর্যায়ে পৌঁছানোয় মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সারাওয়াক রাজ্যের সেরিয়ান জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সীমান্ত এলাকায় কয়েক সপ্তাহ ধরে চলমান এই বিষাক্ত ধোঁয়াশা এখন প্রতিবেশী মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনেইয়ে ছড়িয়ে পড়েছে।
সারাওয়াকের রাজধানী কুচিং থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত সেরিয়ান জেলা। বাতাসের মান সূচক (API) বিপজ্জনক সীমা ৩০০ অতিক্রম করে সর্বোচ্চ ৫১২-তে পৌঁছালে শুক্রবার এ জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ।
তীব্র ধোঁয়াশার কারণে ৬৪৭টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে মারাত্মক প্রভাব পড়েছে জেলার প্রায় ১ লাখ ৫৪ হাজার বাসিন্দার জনজীবনে। ঘন ধোঁয়ায় এলাকার মানুষ ঘরবাড়ি থেকে বের হতে পারছেন না, ফলে স্থানীয় বাজার ও পর্যটন কেন্দ্রগুলোতে নেমে এসেছে অস্বাভাবিক নীরবতা। কমে গেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়। দীর্ঘ সময় ধোঁয়ায় অবস্থান করার কারণে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট ও গলাব্যথাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
শুক্রবার রাত ও শনিবার সকালে কৃত্রিম বৃষ্টির চেষ্টায় এলাকায় কিছুটা বৃষ্টিপাত হওয়ায় বাতাসের গুণমান সূচক নেমে ২১৯-এ এসেছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় এখনো জরুরি অবস্থা বহাল রয়েছে। দীর্ঘমেয়াদী এই ধোঁয়াশা পুরো সারাওয়াক রাজ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।




