পিরোজপুরের নাজিরপুরে কালীগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের তিন দিন পর রিনা বেপারী (৩৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মধুরাবাদ এলাকায় নদীতে ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে পরিবারের সদস্যরা তাঁর পরিচয় শনাক্ত করেন।
নিহত রিনা বেপারী পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর স্ত্রী। গত সোমবার (১৯ অক্টোবর) রাতে শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় যাত্রী ও মোটরসাইকেলবোঝাই একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় তাঁর ৯ বছর বয়সী মেয়ে আদ্রিতা বেপারীর মৃত্যু হয়। দুর্ঘটনার রাতেই শিশুটির মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন রিনা বেপারী।
পিরোজপুর জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রায়হানুর আশরাফ জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর দেবর পরিচয় শনাক্ত করলে প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা জানান, ট্রলারডুবির ঘটনায় তদন্ত চলছে। কারও অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘাট ইজারাদারদের অবহেলার প্রমাণ মিললে ইজারা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।

