জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাঁর ‘সমাজের নিকৃষ্ট যে লোকটা, সেটাই এমপি-মন্ত্রী হয়’—এমন বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলের কর্মকাণ্ড ও নির্বাচনী পরিবেশের পরিপ্রেক্ষিতে তিনি ওই মন্তব্য করেছিলেন। সে সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যাতে সমাজের ভালো মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনব্যবস্থায় আমূল সংস্কারের পরামর্শ স্পিকারের
স্পিকার আশা প্রকাশ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনী ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলোর অবসান হবে। তাঁর মতে, অন্তর্বর্তীকালীন সরকারের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু তা নেওয়া হয়নি।
নির্বাচনব্যবস্থায় আমূল সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। এ জন্য নির্বাচন কমিশনকে একটি কার্যকর পদ্ধতি নির্ধারণের পরামর্শ দেন তিনি।
আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রত্যাশা
আগামী নির্বাচন প্রসঙ্গে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্য থেকে বোঝা যায়, আগামী নির্বাচন সুষ্ঠু হবে। তাঁর মতে, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়া জরুরি।
স্থানীয় সরকার নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগ থাকে। তবে অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান নির্বাচন কমিশনের ওপরও আস্থা প্রকাশ করেন স্পিকার। তাঁর দাবি, ইতোমধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আগামী ১০ বছরেও তাঁর দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি।
ভোলার গ্যাসসম্পদ নিয়ে আশাবাদ
দ্বীপজেলা ভোলার প্রাকৃতিক গ্যাসসম্পদ নিয়েও কথা বলেন স্পিকার। তিনি বলেন, আপাতদৃষ্টিতে দেশের মোট গ্যাসের মজুতের সমপরিমাণ গ্যাস ইতোমধ্যে ভোলায় পাওয়া যাচ্ছে। সেখানে আরও বিপুল পরিমাণ গ্যাসের ভাণ্ডার রয়েছে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ভোলার গ্যাস কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানান স্পিকার। এ বিষয়ে সরকার বিদেশে যোগাযোগ করছে বলেও উল্লেখ করেন তিনি।
হাফিজ উদ্দিন আহমদের মতে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি সহজ বিকল্প ভোলাতেই রয়েছে। ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর এবং ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।




