যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) রেকর্ড গড়ে ২০২৬ সালের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কাভান সুলিভান। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তারকাই লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী হিসেবে এই পুরস্কার জিতলেন।
খেলোয়াড়, গণমাধ্যম ও ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত তিনটি ভোটিং ক্যাটাগরির প্রতিটিতেই শীর্ষে ছিলেন সুলিভান। মোট ভোটের ৬৫.০৬ শতাংশ পেয়েছেন তিনি; এর মধ্যে গণমাধ্যম থেকে ৮০ শতাংশ ও পেশাদার খেলোয়াড়দের কাছ থেকে ৬০.৩৪ শতাংশ ভোট পান তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল ও আদ্রি মেহমেতি।
কাভান সুলিভানের রেকর্ড
নিজের প্রথম পূর্ণ মৌসুমে ২৯ ম্যাচে ৯ গোল ও ১৪ অ্যাসিস্টে মোট ২৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন সুলিভান। কোনো কিশোর খেলোয়াড়ের এক মৌসুমে এটাই সর্বোচ্চ গোল-অবদানের রেকর্ড। টানা ১০ ম্যাচে গোলের সঙ্গে যুক্ত থেকে আরেকটি মাইলফলকও গড়েছেন তিনি। গত সেপ্টেম্বরে লিগের মাসসেরা খেলোয়াড় হওয়ার সময়ও সর্বকনিষ্ঠ হিসেবে রেকর্ড গড়েছিলেন তিনি।
জাতীয় দলের জার্সিতেও সমান উজ্জ্বল সুলিভান। ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সিনিয়র দলে জায়গা করে নেওয়া এই মিডফিল্ডার দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মূল একাদশে অভিষেক ঘটিয়েছেন। ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে তিনি হয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা।
সুলিভান পরিবারের সঙ্গে বাংলাদেশের যোগটা গভীর। তাঁর দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলেছেন। তাঁদের নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। বড় ভাই কুইন সুলিভানও খেলেন ফিলাডেলফিয়া ইউনিয়নেই।
২০০৪ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া সেরা ফুটবলারকে এই পুরস্কার দেয় এমএলএস কর্তৃপক্ষ। ২০২০ সাল থেকে দেওয়া হচ্ছে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের এই স্বীকৃতি। এবার সর্বকনিষ্ঠ বিজয়ী হয়ে সেই তালিকায় নিজের নামটা সবার ওপরে তুলে নিলেন সুলিভান।




