যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও সাত শর্তের অবস্থান থেকে সরে আসেনি ইরান। মঙ্গলবার পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে দেশটির স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ আবারও বলেছেন, সাতটি শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো পদক্ষেপ বা আলোচনায় যাবে না তেহরান।
গালিবাফ বলেন, ইরানি জনগণকে হুমকি দেওয়া, অপমানজনক মন্তব্য করা আর অর্থনৈতিক চাপ বাড়ানোর কথা বলা মূলত একটি স্বাধীন ও প্রতিরোধী জাতির বিরুদ্ধে ওয়াশিংটনের হতাশারই বহিঃপ্রকাশ। ইরান দীর্ঘদিন ধরে যুদ্ধও নয়, শান্তিও নয় ‐ এমন অনিশ্চিত অবস্থায় থাকতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের সাত শর্ত
তেহরানের সাত শর্তের মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা, একতরফা নিষেধাজ্ঞা তুলে নেওয়া, তেল রপ্তানির ওপর বিধিনিষেধ প্রত্যাহার, বিদেশে জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা, সব রণাঙ্গনে শত্রুতা বন্ধ করা এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষের ঘোষণা দেওয়া। কাতারের মধ্যস্থতায় এসব শর্ত আগেই ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে তেহরান।
একই অধিবেশনে গালিবাফ সতর্ক করে বলেন, শত্রুপক্ষ কোনো ভুল হিসাব করলে তার জবাব হবে কঠোর ও চূড়ান্ত। প্রয়োজনে সংঘাতের ভৌগোলিক পরিসর বদলে দিয়েও জবাব দেওয়ার সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর রয়েছে বলে জানান তিনি।
এর আগে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সাতটি শর্ত কোনো অস্বাভাবিক দাবি নয়, এগুলো ইরানি জনগণের অবিচ্ছেদ্য অধিকার। এদিকে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফেরাতে দুই দিনের একটি রোডম্যাপও প্রস্তাব করেছে তেহরান, যেখানে অবরোধ প্রত্যাহার ও জব্দ সম্পদ মুক্ত হলে ৪৮ ঘণ্টার মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরুর কথা বলা হয়েছে।
প্রেক্ষাপটে ট্রাম্প চলতি সপ্তাহে বলেছেন, চুক্তি না হলে নতুন বছরের পর আবার হামলা শুরুর দিকে ঝুঁকছেন তিনি। এর মধ্যেই সোমবার ইরানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। অন্যদিকে মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন।




