ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালাতে চাইছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকট। ইরান ইস্যুতে দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা মহলে তৈরি হয়েছে তীব্র বিভক্তি।
গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে বিরোধী দলগুলো পেয়েছে ৬৭টি আসন, নেতানিয়াহুর লিকুদ পেয়েছে ২৭টি আর আইজেনকটের ইয়াশার পেয়েছে ২১টি আসন। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন আইজেনকটকে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু এখন জাতীয় ঐক্যের সরকারের কথা বলছেন, তবে সেই প্রচেষ্টা এখনো সফল হয়নি।
ইরানে হামলার তোড়জোড়
হামলার পক্ষে যুক্তি তুলে ধরতে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউস, সিআইএ ও সেন্টকমের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিও পাঠিয়েছেন তিনি। তবে এখনই হামলার প্রয়োজন কেন, তা থেকে কী অর্জন হবে কিংবা হামলা আঞ্চলিক সংঘাতে রূপ নিলে তা কীভাবে সামাল দেওয়া হবে, এসব বিষয়ে নাগরিকদের কিছুই জানাননি তিনি।
সোমবার আইজেনকট বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিংবা নতুন সরকার গঠনের আগে ইরানে সামরিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এমন কোনো হুমকি তিনি দেখছেন না। জবাবে নেতানিয়াহু বলেন, যাঁরা তাৎক্ষণিক হুমকির গুরুত্ব কমিয়ে দেখছেন, তাঁরা রাজনৈতিক কারণেই সেটি করছেন। তাঁর মুখপাত্রের দাবি, ইরান বিষয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তের পেছনে একমাত্র বিবেচনা হলো ইসরায়েলের নিরাপত্তা।
সেনাবাহিনীর অবস্থান হলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে হামলার সুযোগ তৈরি হলেই কেবল মাঠে নামা উচিত। জ্যেষ্ঠ কমান্ডারদের অনেকের মত, নিকট ভবিষ্যতে এককভাবে হামলা চালানো ঠিক হবে না। জানুয়ারিতে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলে এই সুযোগ বন্ধ হয়ে যেতে পারে বলেও মনে করছেন কর্মকর্তারা।
সমালোচকদের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতেই ইরানে আবার হামলা চালাতে চাইছেন নেতানিয়াহু। ডেমোক্র্যাটস নেতা ইয়ার গোলানের ভাষ্য, নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে নেতানিয়াহু ইসরায়েলকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। বিশ্লেষকদের মতে, এখন হামলা হলে ৬ ডিসেম্বরের সময়সীমার আগে আইজেনকটের সরকার গঠনের প্রচেষ্টা ব্যাহত হতে পারে।
ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে এমন জাতীয় জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে, যা ঐক্যের সরকারের প্রস্তাব প্রত্যাখ্যানের ক্ষেত্রে আইজেনকট ও তাঁর মিত্রদের কঠিন পরীক্ষায় ফেলবে। আইজেনকট ও তাঁর মিত্ররা সরকার গঠনে ব্যর্থ হলে নতুন নির্বাচনের সম্ভাবনা রয়েছে। আর সেই নির্বাচনে গত মাসের তুলনায় ভালো ফলের প্রত্যাশা করছেন নেতানিয়াহু।




