রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় পুরোপুরি মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। সোমবার এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, আইসিজের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক।
বিবৃতিতে স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্য। বিবৃতিতে বলা হয়, মিয়ানমার গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি আদালতের সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করতে হবে দেশটিকে।
রোহিঙ্গা গণহত্যায় ঐতিহাসিক রায়
গত ১৯ নভেম্বর এক ঐতিহাসিক রায়ে আইসিজে জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী করা হলো। গণহত্যা সনদের আওতায় মামলাটি করেছিল গাম্বিয়া।
যুক্তরাজ্য আলাদাভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। নিষেধাজ্ঞার আওতায় ওই কর্মকর্তাদের সম্পদ জব্দ ও যুক্তরাজ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
রোহিঙ্গা ও অন্যান্য সম্প্রদায়ের জন্য অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড সহায়তার ঘোষণাও দিয়েছে যুক্তরাজ্য। এই অর্থে প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য জীবনরক্ষাকারী সেবা পৌঁছে দেওয়া হবে।
তবে মিয়ানমার সরকার এই রায়কে অন্যায্য ও হতাশাজনক বলে অভিহিত করেছে। দেশগুলোর বিবৃতিতে বলা হয়েছে, এই রায় রোহিঙ্গা গণহত্যার শিকার ও বেঁচে যাওয়া ব্যক্তিদের ন্যায়বিচার এবং দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।




