অস্ট্রেলিয়া সফর শেষে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সফরসূচি অনুযায়ী তাঁর ফেরার কথা ছিল ২৬ নভেম্বর।
ছয় দিনের এই সফরে অস্ট্রেলিয়ায় তিন দিন ও মালয়েশিয়ায় দুই দিন থাকার কথা ছিল জামায়াত আমিরের। অস্ট্রেলিয়ার কর্মসূচি শেষ হলেও মালয়েশিয়া সফরে না গিয়ে তিনি সরাসরি দেশের পথ ধরেছেন। তবে সফর সংক্ষেপ করার কারণ সম্পর্কে দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
শফিকুর রহমানের সফরসূচি
সফরের শুরুতে ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছান শফিকুর রহমান। ২১ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন। একই দিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাসে শিশু-কিশোরদের আনন্দমেলা ও মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
পরদিন ২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাসে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত আমির। ২৩ নভেম্বর ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি দেশের উন্নয়নে প্রবাসীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।
সফরে তাঁর সঙ্গে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান ও একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম। সিডনি বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সমবেত হন, ফুলেল শুভেচ্ছায় তাঁকে বিদায় জানান তারা।
উল্লেখ্য, একই দিন অস্ট্রেলিয়ার ইহুদি ও হিন্দু সংগঠন যৌথ বিবৃতিতে তাঁর এই সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলিয়া সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে।




