জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। মঙ্গলবার সকালে তিনি দলের সব পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, পরে সহকর্মীদের অনুরোধ ও দলীয় হাইকমান্ডের আশ্বাসে সেই সিদ্ধান্ত স্থগিত করেন।
বিবৃতিতে জাকারিয়া বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদসহ দলের সব দায়িত্ব ও সম্পৃক্ততা থেকে সরে দাঁড়াচ্ছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহির চর্চায় প্রত্যাশিত অগ্রগতি না হওয়ার কথা তুলে ধরেন। ব্যক্তিজীবনে তিনি সব সময় সম্মান ও আত্মমর্যাদা নিয়ে চলেছেন, আত্মসম্মান ও জবাবদিহির প্রশ্নে আপস করে তিনি কিছু অর্জন করতে চান না বলেও জানান।
পদত্যাগ থেকে সরে এলেন
একই বিবৃতিতে এনসিপির আরও দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন জাকারিয়া। তাঁর দাবি, চলতি বছরের জুলাইয়ে নোয়াখালীতে দলীয় কর্মসূচি চলাকালে কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদের অনুসারীরা বিনা উসকানিতে তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং অপমান-অপদস্থ করেন। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানানোর পরও কোনো সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জাকারিয়া জানান, জুলাইয়ের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক রাজনীতিতে তরুণদের সংগঠিত করতে সহায়তা করার লক্ষ্যে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন। দলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদ সদস্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি, নোয়াখালী-২ আসনে দলের প্রার্থীও ছিলেন। মানবাধিকার কর্মী জাকারিয়া আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক হিসেবে কাজ করেছেন।
পদত্যাগের ঘোষণায় নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কথা বলেছিলেন জাকারিয়া। তিনি জানিয়েছিলেন, এখনো তাঁর পরবর্তী কোনো রাজনৈতিক গন্তব্য ঠিক হয়নি। তবে বাংলাদেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও দলীয় পরিচয়ের বাইরে থেকে কাজ করে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।
তবে ঘোষণার প্রায় দুই ঘণ্টা পরই অবস্থান বদলান এই নেতা। তিনি জানান, দলের সহকর্মীদের অনুরোধ ও আশ্বাসে পদত্যাগের সিদ্ধান্তটি স্থগিত করেছেন। গণমাধ্যমকে তিনি বলেন, তাঁর উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে দলীয় হাইকমান্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এ বিষয়ে দল ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তিনি প্রত্যাশা করছেন।




