কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। তবে হতাশার সেই সম্মেলন থেকেই গ্লোবাল শিল্ড ও ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ।
সরকারের তথ্য অনুযায়ী, অনুদানের বড় অংশ আসবে গ্লোবাল শিল্ড থেকে, অন্তত ৫ কোটি ইউরো বা প্রায় ৬৮২ কোটি টাকা। বাকি অর্থ আসবে সিআইএফ থেকে, ৩ কোটি ডলার বা প্রায় ৩৭৩ কোটি টাকা।
১ হাজার ৫৫ কোটির প্রতিশ্রুতি
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানিয়েছেন, কোনো ধরনের অঙ্গীকার ও সিদ্ধান্ত ছাড়া সম্মেলন শেষ হওয়ায় ক্ষতিগ্রস্ত দেশগুলো হতাশ হয়েছে। তবে সেই হতাশার মধ্যেও বাংলাদেশ বৈশ্বিক তহবিল থেকে ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি আদায় করতে পেরেছে।
২০০৯ সালে কোপেনহেগেন সম্মেলনের পর এই প্রথম কোনো জলবায়ু সম্মেলন সম্মত দলিল ছাড়া শেষ হলো। জীবাশ্ম জ্বালানি কমানো, অভিযোজন অর্থায়ন ও ক্ষয়ক্ষতি তহবিল নিয়ে সুনির্দিষ্ট পথনকশার যে আশা ভুক্তভোগী দেশগুলো করেছিল, তা পূরণ হয়নি। খসড়ায় থাকা বছরে ১২ হাজার কোটি ডলারের অভিযোজন লক্ষ্যও সংশোধিত খসড়া থেকে বাদ পড়ে যায়।
সম্মেলনে বাংলাদেশ ৪০টি পার্শ্ব আয়োজন করেছে, যেখানে বিভিন্ন দেশের জলবায়ুকর্মী ও প্রতিনিধিরা অংশ নেন। গ্লোবাল ম্যানগ্রোভ অ্যালায়েন্সের সঙ্গেও বাংলাদেশের যোগাযোগ হয়েছে এবং তাদের কাছ থেকে তহবিল পাওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।
গত ১২ নভেম্বর সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে দেওয়ার পক্ষে অবস্থান তুলে ধরেন। ঋণ নয়, অনুদাননির্ভর সহায়তার আহ্বানও জানান তিনি। গত ৯ নভেম্বর আন্তালিয়ায় শুরু হওয়া সম্মেলন শেষ হয় ২২ নভেম্বর, অংশ নেয় প্রায় ২০০ দেশ।




