পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এ ছাড়া তাঁর বাম পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি পূর্ব শিকদার মল্লিক গ্রামের ওমর আলীর ছেলে।
আব্দুর রহিমের বড় ভাই সেকেন্দার শেখ বলেন, ১০ থেকে ১২ জন মিলে তাঁর ভাইয়ের ওপর হামলা চালায়। তাঁকে মাথার বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া বাম পা ভেঙে দেওয়া হয়েছে এবং পায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আব্দুর রহিমকে কুপিয়ে জখম করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে জানানো হয়েছে। আহত নেতাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




