দীর্ঘদিন পর ঝালকাঠিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।
কনফারেন্সে জেলার সামগ্রিক অপরাধ পরিস্থিতি, মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম, আদালতে সাক্ষ্য উপস্থাপন, দ্রুত মামলা নিষ্পত্তি এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে পারস্পরিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া দ্রুত এমসি ও পিএম রিপোর্ট প্রস্তুত, মামলার তদন্তে কার্যকর সমন্বয় এবং বিচারিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, পুলিশ, বিচার বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো গেলে মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া আরও কার্যকর হবে। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
কনফারেন্সে চীফ লিগ্যাল এইড অফিসার রাজিব কুমার রায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন কবির, লিগ্যাল এইড অফিসার বায়জীদ রায়হান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক মো. সোহেল আকনসহ বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আদালতের সিএসআই এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে প্রতি তিন মাস পর মাসের দ্বিতীয় শনিবার নিয়মিত পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হতো। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটি অনিয়মিত হয়ে পড়ে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার আবারও এ কনফারেন্স অনুষ্ঠিত হলো।




