যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে নামে সড়কটির নামফলক গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
আজ সোমবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের প্রস্তাব অনুমোদন করেছে। গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন।
শিকাগোতে খালেদা জিয়া ওয়ে
শিকাগোর স্থানীয় সময় গতকাল দুপুর ১২টায় বৃষ্টিভেজা পরিবেশে আয়োজিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস, এ উদ্যোগের উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। এ ছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সড়কটির পাশেই অবস্থিত শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই ভবনের কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান। একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত উইলিস টাওয়ারের পাশেই এখন শোভা পাচ্ছে খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়কের নামফলক।
প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিকাগোর বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে সঙ্গে নিয়ে এই নামকরণের কার্যক্রম পরিচালিত হয়। নামকরণের ক্ষেত্রে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদান বিবেচনায় নেওয়া হয়েছে। জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া এবং জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটে বিজয়ী হওয়ার বিষয়টিও প্রস্তাবে তুলে ধরা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালে শিকাগো শহরের আরেকটি সড়কের নামকরণ করা হয়েছিল অনারারি জিয়াউর রহমান ওয়ে।




