কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দফা দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে ধারাবাহিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন। ৩৯ দিনের এই কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। দলীয় কর্মসূচির পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতেও অংশ নেবেন এনসিপির নেতা-কর্মীরা।
আওয়ামী লীগের বিচারের দাবিতে এনসিপির কর্মসূচি
আখতার হোসেন বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা যাতে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তার জন্য বাংলাদেশের সব জনতাকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখতে সক্রিয় থাকবেন এনসিপির প্রতিটি নেতা-কর্মী। শুধু কার্যক্রম নিষিদ্ধ নয়, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে বলেও তিনি বলেন।
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে তিনি অভিযোগ করেন, সেখানে থানায় হামলা, অস্ত্র লুট এবং দেশি অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনা ঘটেছে। সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় আগুন দেওয়ার ঘটনার জন্যও আওয়ামী লীগকে দায়ী করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যের ডাক প্রসঙ্গে আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন, তবে সেই ঐক্য কোন ভিত্তিতে গড়ে উঠবে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। আওয়ামী লীগের বিচারের দাবিতে অবস্থান নেওয়া যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্যবদ্ধ হতে এনসিপি আগ্রহী বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষারসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে বৈঠকে যুক্ত হন।

