BRS TIMES
সেনা পাহারায় তিন লরিতে রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান
জাতীয়প্রচ্ছদসারাদেশ

সেনা পাহারায় তিন লরিতে রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান

রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের সপ্তম চালান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার সকাল ৬টা ২৪ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িবহরটি পাবনার উদ্দেশে যাত্রা শুরু করে। নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে দাশুড়িয়া ট্রাফিক মোড় হয়ে গাড়িগুলো প্রকল্প এলাকায় ঢোকে। এ সময় মহাসড়কে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তাবলয় ছিল, কিছু সময়ের জন্য যান চলাচলও বন্ধ রাখা হয়।

সর্বশেষ এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে রূপপুর প্রকল্পে মোট সাতটি চালানের জ্বালানি এসে গেছে। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি এবং প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি হিসেবে একটি চালান রয়েছে।

ইউরেনিয়ামের সপ্তম চালান নিয়ে যা জানা গেল

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হচ্ছে। আর প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি চালানে অতিরিক্ত ৪৮টি অ্যাসেম্বলি আনা হবে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এই পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছাবে।

রাশিয়ার প্রযুক্তি ও সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

এর মধ্যে প্রথম ইউনিট থেকে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ওই দিন কেন্দ্রটিতে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

Related posts

হাইনানের পর্যটন সম্ভাবনা দেখলেন আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা

rahman himel

মোংলা পৌরসভার নতুন প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Durjoy Das

আজও সেবা বন্ধ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে

brs@admin

প্রথম নারী প্রধান বিচারপতি থেকে প্রথম নারী প্রধানমন্ত্রী, সুশীলা কারকির উত্থান কীভাবে

News Desk

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

News Desk

বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে অর্থ উপদেষ্টার নেতৃত্বে কমিটি

brs@admin