বক্স অফিসে ঝড় তুলেছে রামায়ণ। রণবীর কাপুর অভিনীত ছবিটি মুক্তির মাত্র ৮ দিনে বিশ্বজুড়ে আয় করেছে ১ হাজার কোটি রুপির বেশি। এর মধ্য দিয়ে হাজার কোটির ক্লাবে ঢুকে গেল ছবিটি।
অষ্টম দিন শেষে রামায়ণের বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ কোটি ৫৫ লাখ রুপি। এর মধ্যে ভারতে গ্রস আয় ৬৭৫ কোটি ৫ লাখ ও নেট আয় ৫৬৪ কোটি ৬০ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে ৩৫৮ কোটি ৫০ লাখ রুপি।
রামায়ণের রেকর্ড ভাঙার দৌড়
এই গতিতে বাহুবলী ২-এর রেকর্ডও ভেঙে দিয়েছে রামায়ণ। হাজার কোটির ক্লাবে ঢুকতে বাহুবলী ২-এর লেগেছিল ১০ থেকে ১১ দিন। ভারতে দ্রুততম ৩০০ কোটি নেট আয়ের জওয়ানের রেকর্ডও ছুঁয়ে ফেলেছে ছবিটি। রামায়ণ এখন ভারতের ১১তম ছবি হিসেবে হাজার কোটির ক্লাবে জায়গা করে নিল।

রণবীর কাপুরের ক্যারিয়ারে এটাই প্রথম হাজার কোটি রুপির ছবি। আগের ছবি অ্যানিম্যালের মোট আয়কেও ছাড়িয়ে গেছে রামায়ণ। ছবিতে রামের ভূমিকায় রণবীর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ অভিনয় করেছেন। পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি।
অষ্টম দিনে ছবির হিন্দি সংস্করণ একাই আয় করেছে ৪৩ কোটি রুপি। পঞ্চম দিনে শুধু ভারতের বাজারেই আয় ছিল ১০৭ কোটি ৫০ লাখ রুপি। বাকি সংস্করণগুলো থেকেও আসছে উল্লেখযোগ্য আয়।

বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শের মতে, ছবিটির নির্মাণ বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি। এত বড় বাজেটের ছবির জন্য প্রথম সপ্তাহের এই আয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
মুক্তির আগে থেকেই রামায়ণ নিয়ে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। বক্স অফিসের এই দৌড় কতদূর যায়, সেটাই এখন দেখার বিষয়।




