গায়ক সাহেদ আর নেই। রোকযানা গানখ্যাত এই সংগীতশিল্পীর আসল নাম শেখ সাহেদ আলী। শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
দীর্ঘদিন ধরেই কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালাইসিস চলছিল তাঁর। সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু ও সংক্রমণে অবস্থা আরও জটিল হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
গায়ক সাহেদের সংগীতজীবন
১৫ নভেম্বরের পর দিল্লিতে কিডনি প্রতিস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। দাতাও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা পিছিয়ে যায়। সাহেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক।
শুক্রবার আসরের পর গোপীবাগের বাইতুন নূর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শেষ ইচ্ছা অনুযায়ী গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে মায়ের কবরের পাশেই তাঁকে সমাহিত করা হয়। অবিবাহিত ছিলেন সাহেদ।

সাহেদের সংগীতজীবনের শুরুটা নব্বইয়ের দশকে। ১৯৯১ সালে বের হয় তাঁর প্রথম অ্যালবাম প্রভু। সেই অ্যালবামে গিটার বাজিয়েছিলেন আইয়ুব বাচ্চু ও পান্ডু, ড্রামসে ছিলেন ফান্টি। রেকর্ডিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন সংগীত পরিচালক আলাউদ্দিন আলী।
তাঁর গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে রোকযানা, উপলব্ধি, ক্লাসরুমে বসে শেখা, উটপাখির ডিম, খোলা চুল, প্রেম আসবেই ও সুন্দরী তুই জলদি আয়। গান নেবেন গানসহ একাধিক অ্যালবাম প্রকাশিত হয়েছে তাঁর কণ্ঠে।

নিজের ব্যান্ড গাছ-এর প্রতিষ্ঠাতা ছিলেন সাহেদ। ঘূর্ণিঝড় সিডরের পর সুন্দরবন ভ্রমণে গিয়ে গাছের সুরক্ষা দেখে ব্যান্ডের এই নাম রাখেন তিনি। উপকূলকে যেভাবে গাছ রক্ষা করে, সংগীত দিয়েও তেমনি মানুষকে আগলে রাখতে চেয়েছিলেন তিনি।
মৃত্যুর আগে নতুন অ্যালবাম মালেকা রোকযানা নিয়ে কাজ করছিলেন সাহেদ। এক দশকের বেশি সময়ে ২৪টি গান তৈরি হয়েছিল, পান্ডুসহ অনেকে যুক্ত ছিলেন এতে। জি-সিরিজ থেকে অ্যালবামটি প্রকাশের কথা ছিল। ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে অ্যালবামের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন থাকলেও অসুস্থতার কারণে তা বাতিল হয়।




