BRS TIMES
তিন কোটি কলের ভরসা ছিল ১৬২৬৩ ‐ আজ নীরব কেন?
জাতীয়প্রচ্ছদ

তিন কোটি কলের ভরসা ছিল ১৬২৬৩ ‐ আজ নীরব কেন?

১১ বছর ধরে দিনরাত মানুষের ফোনের উত্তর দেওয়া সরকারি টেলিহেলথ সেবা স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ বন্ধ হয়ে গেছে। চুক্তির মেয়াদ শেষ হওয়া ও বকেয়া বিলের জটিলতায় গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ১৬২৬৩ নম্বরে ফোন করে আর চিকিৎসকের পরামর্শ পাওয়া যাচ্ছে না।

২০১৫ সালের সেপ্টেম্বরে চালু হয় স্বাস্থ্য বাতায়ন। সরকারের এই সেবা পরিচালনা করত বেসরকারি প্রতিষ্ঠান সিনেসিস আইটি। এখানে ১০০ জন চিকিৎসক ও ৩০ জন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা তিন পালায় কাজ করতেন। প্রশিক্ষিত এই চিকিৎসকদের কাছে মানুষ দিনে‐রাতে যেকোনো সময় ফোন করে বিনা মূল্যে চিকিৎসাবিষয়ক পরামর্শ পেতেন।

তিন কোটি কলের ভরসা ছিল ১৬২৬৩ ‐ আজ নীরব কেন?
স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩‐এর কল সেন্টারে সেবা দিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ছবি: সংগৃহীত

ফোন করে রোগী তার সমস্যার কথা বলতেন, উপসর্গ বর্ণনা করতেন। চিকিৎসকেরা রোগের ইতিহাস জেনে মৌখিক পরামর্শ দিতেন, কথোপকথন রেকর্ড হতো। কিছু ক্ষেত্রে ই‐প্রেসক্রিপশন পাঠানো হতো, আবার রোগের ধরন অনুযায়ী বিশেষায়িত হাসপাতালের পরামর্শও দেওয়া হতো। সিনেসিস আইটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত তারা প্রায় তিন কোটি কলের উত্তর দিয়েছে। শুধু এ বছরের ২ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্তই কল এসেছে ১১ লাখ ২৩ হাজার ৩৮টি, গড়ে প্রতিদিন ৬ হাজার ১৩৭টি।

করোনাকালে যেভাবে ভরসা ছিল ১৬২৬৩

স্বাস্থ্য বাতায়ন মানুষের কাছে সবচেয়ে প্রয়োজনীয় হয়ে ওঠে করোনা মহামারির সময়। সংক্রমণের ভয়ে মানুষ তখন হাসপাতালে যাওয়ার সাহস পেতেন না। জ্বর হলে কী করবেন, শ্বাসকষ্ট হলে কী করবেন, কোথায় করোনা পরীক্ষা করাবেন, কোথায় অ্যাম্বুলেন্স পাওয়া যাবে ‐ এমন হাজারো প্রশ্নের উত্তর মিলত এই একটি নম্বরে ফোন করেই। ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এখানে কল এসেছিল ১ কোটি ২৬ লাখ।

তিন কোটি কলের ভরসা ছিল ১৬২৬৩ ‐ আজ নীরব কেন?
স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩‐এর কল সেন্টারে করোনাকালে সেবা দিচ্ছেন চিকিৎসকেরা। ছবি: সংগৃহীত

সেই ভরসার সেবাটিই থেমে গেল চুক্তির জটিলতায়। কাগজপত্র অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সিনেসিস আইটির চুক্তির মেয়াদ শেষ হয় ১০ নভেম্বর। প্রতিষ্ঠানটি মেয়াদ বাড়ানোর চেষ্টা করলেও অধিদপ্তর তা বাড়ায়নি। বর্তমান সরকারের সময়ে একবার ছয় মাস মেয়াদ বাড়ানো হয়েছিল, কিন্তু তারপর নতুন করে মেয়াদও বাড়ানো হয়নি, সেবা পরিচালনার জন্য নতুন দরপত্রও আহ্বান করা হয়নি।

১২ নভেম্বর সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (এমআইএস) চিঠি দিয়ে জানান, স্বাস্থ্য বাতায়নের কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা তারা নিয়েছেন। ওই দিন সন্ধ্যায়ই সেবাটি বন্ধ করে দেওয়া হয়। সোহরাব আহমেদ চৌধুরী বলেন, স্বাস্থ্য বিভাগ চায়নি বলেই সেবাটি বন্ধ হয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের কাজের সমন্বয়হীনতার কারণে নতুন কোনো চুক্তি হয়নি।

স্বাস্থ্য বাতায়নের কল সেন্টার
স্বাস্থ্য বাতায়নের কল সেন্টার। ছবি: সংগৃহীত

টাকার হিসাবটাও কম জটিল নয়। সিনেসিস আইটির দাবি, ২৮ মাসের পরিচালন ব্যয় বাবদ স্বাস্থ্য অধিদপ্তরের কাছে তাদের পাওনা প্রায় ১৬ কোটি টাকা। সোহরাব আহমেদ চৌধুরীর অভিযোগ, সেই টাকা দেওয়ার ব্যাপারে কারও কারও অনাগ্রহ আছে। পরিচালন ব্যয়ের সংকটে আগেও সেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছিল।

তবে সরকারের পক্ষ থেকে সেবাটি দ্রুত চালুর আশ্বাস মিলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বজলুর রশীদ বলেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে সিনেসিস আইটির বিল বাকি আছে, তারা বকেয়া টাকা চেয়েছে। এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে, তারা বিষয়টি দেখছে। তবে এই সেবা খুব শিগগির আবার চালু হবে। যদিও কবে নাগাদ চালু হবে, সেই তারিখ তিনি জানাননি।

স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩
জাতীয় স্বাস্থ্য সেবার কল সেন্টার স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩। ছবি: সংগৃহীত

এদিকে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন সাধারণ রোগীরা। শনিবার বিকেলে ১৬২৬৩ নম্বরে ফোন করে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে সরকারের জাতীয় তথ্যসেবা ৩৩৩ নম্বরে ফোন করলে জানানো হয়, স্বাস্থ্যসেবা শুধু ১৬২৬৩ থেকেই দেওয়া হয়। কলটি ওই নম্বরে স্থানান্তর করা হলে জানানো হয়, সেবাটি বন্ধ আছে। এই মুহূর্তে দেশে এমন কোনো বিকল্প সেবা নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক বে‐নজির আহমেদ সেবাটি বন্ধ হওয়াকে দুঃখজনক বলেছেন। তার মতে, সব সেবা হাসপাতালে দেওয়া যায় না। স্বাস্থ্য বাতায়নের মতো টেলিমেডিসিন সেবার সুযোগ এখন বাড়ছে, দুনিয়া সেই দিকেই যাচ্ছে। বিকল্প ব্যবস্থা না রেখে এই সেবা বন্ধ হওয়া কিছু মানুষের জন্য ক্ষতির, বিশেষ করে দরিদ্র মানুষের জন্য।

স্বাস্থ্য বাতায়নের প্রচারণা
সুস্থ দেহ, প্রশান্ত মন ‐ পাশে আছে স্বাস্থ্য বাতায়ন। ছবি: সংগৃহীত

Related posts

ভূমিকম্পে কাঁপল দেশ

News Desk

নতুন মাইলফলক ছুঁলেন হামজা চৌধুরী

News Desk

পিরোজপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার এম. সরোয়ার ও শেখ রাহাত

News Desk

৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা

brs@admin

প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

News Desk

লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলা, জাতিসংঘের শান্তিরক্ষী আহত

News Desk