মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট মার্কিন কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) এলাকায় প্রবেশ করেছে। ফলে অঞ্চলটিতে এখন একসঙ্গে তিনটি মার্কিন রণতরী স্ট্রাইক গ্রুপ অবস্থান করছে।
রোববার (১৫ নভেম্বর) সেন্টকম এলাকায় প্রবেশ করে রুজভেল্ট। এর আগে থেকেই সেখানে অবস্থান করছিল ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও আরব সাগরে থাকা ইউএসএস জর্জ ওয়াশিংটন। ইরানি বন্দরগুলো অবরোধে রাখা ২০টির বেশি মার্কিন নৌযানের অংশ এই তিন স্ট্রাইক গ্রুপ।
পরমাণু আলোচনা ভেস্তে যাওয়ার পর গত ১৩ এপ্রিল থেকে ইরানি বন্দরগুলোতে অবরোধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা দিয়ে শুরু হয় ইরান যুদ্ধ। ধারণা করা হচ্ছে, জর্জ ওয়াশিংটনের স্থলাভিষিক্ত হতে এসেছে রুজভেল্ট; ফলে তিন রণতরীর এই একসঙ্গে অবস্থান সাময়িক হতে পারে।
মধ্যপ্রাচ্যে তিন রণতরী যেভাবে সাজল
এদিকে রোববার বাহরাইনের রিফা বিমানঘাঁটিতে থাকা মার্কিন আগাম সতর্কীকরণ রাডারে ছয়টি ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহরাইন বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনগুলো ভূপাতিত করেছে। অন্যদিকে সেন্টকম জানিয়েছে, তারা দুটি ড্রোন ভূপাতিত করেছে। এর আগে শুক্রবারও বাহরাইন অভিমুখী দুটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়। প্রায় দুই মাসের মধ্যে কোনো উপসাগরীয় দেশে এটাই ইরানের প্রথম হামলা।
একই দিন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র আগে হামলা করবে, সেই অপেক্ষায় তেহরান বসে থাকবে না। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, তারা রিয়াদ অভিমুখী হুতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পূর্বাঞ্চলের আকাশে একটি ড্রোন ভূপাতিত করেছে।




