নিজের ও স্ত্রী বুশরা বিবির চিকিৎসার আবেদন জানিয়ে পাকিস্তানের তিন আদালতের প্রধান বিচারপতিদের কাছে খোলা চিঠি লিখেছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। চিঠিতে তিনি সতর্ক করেছেন, তার শারীরিক অবস্থা এমন জায়গায় পৌঁছাচ্ছে, যেখান থেকে তিনি বেঁচে নাও ফিরতে পারেন।
সোমবার (১৬ নভেম্বর) ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। গত ২ ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করেন সাফদার। ১১ নভেম্বরের বৈঠকে ইমরান তাকে তার কথাগুলো বিচারপতিদের কাছে পৌঁছে দিতে বলেন। চিঠিটি পাঠানো হয়েছে সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের কাছে।
চিঠিতে ইমরান খান জানান, তিনি ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন। অথচ এ তথ্য তার পরিবার কিংবা আইনজীবীদের জানানো হয়নি। নির্জন কারাবাসে তার রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ‐ ১৩০ থেকে বেড়ে ১৫০, ১৭০ হয়ে গত ১০ নভেম্বর তা ১৯২ ও ১৯৩‐তে পৌঁছেছে। চিকিৎসকেরা তাকে জানিয়েছেন, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ ও হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকিতে আছেন এবং তার হৃদ্যন্ত্র ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।
চিঠিতে যা লিখলেন ইমরান খান
৭৪ বছর বয়সী ইমরান খান লিখেছেন, এই অবিরাম অবস্থা তাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে তিনি হয়তো জীবিত ফিরতে পারবেন না। তিনি আরও লিখেছেন, সারা জীবন তিনি হাসপাতাল গড়েছেন, যাতে চিকিৎসা করাতে না পারা মানুষ বিনা খরচে সেবা পায়। আজ তিনি শুধু এটুকুই চান, তার স্ত্রী ও তাকে যেন চিকিৎসা দেওয়া হয়।
নিজের চেয়ে স্ত্রী বুশরা বিবির অবস্থা নিয়েই বেশি উদ্বিগ্ন ইমরান। চিঠিতে তিনি জানান, এপ্রিলে বুশরার রেটিনা ছিঁড়ে যায় এবং গোপনে তার জটিল চোখের অস্ত্রোপচার হয়, এরপর তাকে আবার নির্জন কারাবাসে পাঠানো হয়। এ মাসে দেখা করতে গিয়ে তিনি দেখেন, বুশরা আলো সহ্য করতে পারছেন না, চোখও খুলতে পারছেন না। আরেকটি অস্ত্রোপচার ছাড়া তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। বুশরার চিকিৎসার নথি আটকে রাখা হয়েছে এবং তার চিকিৎসকদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
ইমরান খান মনে করিয়ে দেন, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দুই দিনের মধ্যে শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তর, মেডিকেল বোর্ড গঠন করে পরীক্ষা এবং পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ এখনো কার্যকর হয়নি। স্ত্রীর ক্রমশ হারাতে থাকা দৃষ্টিশক্তি আর সুপ্রিম কোর্টের এই অকার্যকর নির্দেশই তাকে চিঠি লিখতে বাধ্য করেছে বলে জানান তিনি।
২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। তার স্ত্রী বুশরা বিবি গ্রেফতার হন ২০২৫ সালের জানুয়ারিতে। তোশাখানা‐২ মামলায় এই দম্পতিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইমরানের অভিযোগ, ওই মামলার রায়ের পর থেকে দিনে সর্বোচ্চ ২২ ঘণ্টা তাকে নির্জন কারাবাসে রাখা হচ্ছে; পরিবার, আইনজীবী, ছেলেদের সঙ্গে ফোনকল, বই কিংবা টেলিভিশন ‐ কোনো সুযোগই তিনি পাচ্ছেন না।




