মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে এফডিসিতে চিত্রনায়ক হেলাল খানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনায় এবার মুখ খুলেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী। তার দাবি, পুরো ঘটনাটি ঘটেছে ভুল-বোঝাবুঝি থেকে।
রোববার বিকেলে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও শিল্পীরা এতে অংশ নিলেও এফডিসিতে উপস্থিত থাকা সত্ত্বেও জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য ওই কর্মসূচিতে অংশ নেননি।
মানববন্ধন শেষে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে জয়সহ কয়েকজনকে দেখে ক্ষোভ প্রকাশ করেন হেলাল খান। একপর্যায়ে জয়কে উদ্দেশ করে তিনি বলেন, তুই একটা ফ্যাসিস্ট। স্বৈরাচারের দোসর। জয় বিষয়টি বোঝানোর চেষ্টা করলে আরও উত্তেজিত হয়ে ওঠেন হেলাল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা-সমালোচনা।
হেলাল খানের ক্ষোভ নিয়ে যা বললেন জয়
গণমাধ্যমের কাছে জয় চৌধুরী বলেন, হেলাল ভাই রাগ করে তাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ, তিনি ডি এ তায়েবের পক্ষে কথা বলেছেন এবং মানববন্ধনে যেতে তার একটু দেরি হয়েছিল।
জয়ের দাবি, শিল্পী সমিতির সামনে যারা বসে ছিলেন, তারা চলচ্চিত্রের কোনো সংগঠনের সদস্য নন। তারা অভিনেতা ডি এ তায়েবের ভক্ত। প্রিয় অভিনেতার জন্মদিন উপলক্ষে কেক কাটতে তারা এফডিসিতে এসেছিলেন। কিন্তু তায়েবের আসতে দেরি হওয়ায় সেখানে অপেক্ষা করছিলেন তারা। ওই ব্যক্তিরা কখন, কীভাবে এফডিসিতে এসেছেন, তা তায়েব নিজেও জানতেন না বলে জানান জয়।
হেলাল খান চলচ্চিত্রের পাশাপাশি বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় আহ্বায়ক। অন্যদিকে জয় চৌধুরী শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক। চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্ম উনিশ সংগঠনেরও দায়িত্বে রয়েছেন দুজন ‐ হেলাল খান আহ্বায়ক, জয় চৌধুরী মুখপাত্র। একই প্ল্যাটফর্মের দুই শীর্ষ নেতার প্রকাশ্য বিরোধ নিয়ে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা চলছে।




