শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুর পৌরসভা ও জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, টকশো ব্যক্তিত্ব ও মেজর (অব.) ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার মেয়র পদপ্রার্থী আখতারুজ্জামান শেখ রাহাত।
রোববার (১৮ অক্টোবর) পিরোজপুর পৌর এলাকার ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। এ ছাড়া জেলার জিয়ানগর উপজেলার পাঁচ থেকে সাতটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বলে জানান ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজারীদের খোঁজখবর নেন। একই সঙ্গে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনে তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আখতারুজ্জামান শেখ রাহাত জানান, তিনি জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন মানবিক উদ্যোগেও সম্পৃক্ত রয়েছেন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র এম. ডি. লিয়াকত আলী শেখ বাদশার আদর্শ অনুসরণ করে তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলেও জানান।
এদিকে, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার সাতটি উপজেলায় ৪৬৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২ হাজার ৯৭৬ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। পাশাপাশি প্রত্যন্ত এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা তদারকিতে টহল দল কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




