খাগড়াছড়ি পৌর এলাকার কালাবাগানে মাঝরাতের আগুনে ৯টি দোকান ও কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত পৌনে ৩টার দিকে লাগা এই আগুনে একটি টমটম অটোরিকশাও পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও তাদের সহযোগিতা করেন।
মাঝরাতের আগুনে ছাই হলো যেসব প্রতিষ্ঠান
পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কাঠের দোকান, আসবাব তৈরির কারখানাসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, কাঠ ও টিন দিয়ে তৈরি প্রতিষ্ঠানগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ছাড়া পানির সংকটের কারণে আগুন নেভাতে সময় বেশি লেগেছে।
প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।




