জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি যেভাবে এলো
এর আগে গত ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানায়, প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে।
মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব ওয়ালীউল দামান। এর ফলে ৭ নভেম্বর দিনটি আনুষ্ঠানিকভাবে সরকারের সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে দিবসটি প্রতিবছর সরকারি ছুটির আওতায় পালনের বিষয়টি নিশ্চিত হলো।
উল্লেখ্য, এবার ৭ নভেম্বর পড়েছে শনিবার। ফলে সরকারি চাকরিজীবীরা আলাদা করে এই ছুটির সুবিধা পাচ্ছেন না, তবে কারখানা পর্যায়ে দিনটিতে উৎপাদন বন্ধ থাকবে।




