জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সরকারি ছুটি ঘোষণা হয়েছে। তবে ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এ জন্য শিক্ষকদের প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে, অংশ নিতে হবে শিক্ষার্থীদেরও।
ছুটির দিনেও প্রতিষ্ঠানে যেতে হবে যাদের
গত মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ৭ নভেম্বর দিবসটি উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি পালন করতে হবে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া আলাদা আরেকটি চিঠিতে দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে এবার দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি পাচ্ছেন না।
সরকারি ছুটি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। ফলে সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে গিয়ে এসব কর্মসূচিতে অংশ নিতে হবে।




