গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অস্ত্রসহ মহড়ার পর জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করেছে সরকার। মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বিজিবি, বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যাও। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে তারা সীমা লঙ্ঘন করলে আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, নিরাপত্তা বাড়িয়ে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। বিগত দুই দিনে আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের দুটি বৈঠকও হয়েছে। সরকারের চিন্তা ধৈর্য ধরে থাকা। তবে আইনশৃঙ্খলার অবনতি হলে এবং আওয়ামী লীগ অরাজকতা তৈরি করলে সরকার কঠোর হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী যা বললেন
জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল রাতে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে গোপালগঞ্জকেন্দ্রিক কিছু মিছিল করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবিলা করছে। তারা সীমালঙ্ঘন করলে বাহিনী আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেবে।
সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, আওয়ামী লীগ দেশের অন্য কোথাও সেভাবে সক্রিয় নেই, তাদের বিক্ষোভ শুধু গোপালগঞ্জকেন্দ্রিক। এসব করে তারা সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার উসকানি দিচ্ছে, কিন্তু সরকার সে ফাঁদে পা দেবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, গোয়েন্দা তথ্য আছে যে গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেছেন, বিদেশ থেকে তাদের উসকানি দেওয়া হচ্ছে। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কাও রয়েছে।
প্রেক্ষাপট হিসেবে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের এক বছর পূর্তি (১৭ নভেম্বর) সামনে রেখে আওয়ামী লীগের ফেসবুক পেজে ১৩ নভেম্বর পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়, যার মধ্যে ১৯ নভেম্বর লকডাউন কর্মসূচিও রয়েছে। এরই মধ্যে কয়েক দিন ধরে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে মিছিল করছেন দলটির নেতা-কর্মীরা। গতকাল লগি-বইঠা, রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে তাদের মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়, ভাঙচুর করা হয় জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও।
মহড়ার পর গতকাল দুপুর থেকে শোনা যাচ্ছিল ডিসি ও এসপিকে সরিয়ে দেওয়া হবে। বিকেলে তাদের সরিয়ে পরিপত্র জারি করা হয়। গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে, নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজ। এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে, আর ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে গতকাল তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়, এর আগে ১০ নভেম্বর মোতায়েন করা হয়েছিল আরও তিন প্লাটুন। বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান গতকাল বিকেলে সার্কিট হাউসে সাংবাদিকদের বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করবেন। সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পত্তির ক্ষতি হয়, এমন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বিজিবির পাশাপাশি পুলিশ, এপিবিএন, আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও মাঠে আছেন।




