স্পেনের টানা ৪৪ ম্যাচের অপরাজিত ধারা থামিয়ে দিল ইংল্যান্ড। রোববার রাতে নেশনস লিগে মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে ১০ জনের দল নিয়েও স্বাগতিকদের ৩‐২ গোলে হারিয়েছে ইংলিশরা।
ম্যাচের প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন। ইংল্যান্ডের হয়ে এটি তার রেকর্ড ৯৩তম গোল। বিরতির পরপরই গোল করেন এজরি কনসা। ৫৭ মিনিটে জুড বেলিংহামের পাস ধরে উনাই সিমনের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান ৩‐০ করেন বেন হোয়াইট।
এই ব্যবধান ইংল্যান্ডের খুব দরকার ছিল। বক্সে লামিন ইয়ামালকে টেনে ধরায় পেনাল্টি পায় স্পেন, লাল কার্ড দেখেন এলিয়ট অ্যান্ডারসন। স্পট কিক থেকে গোল করেন মিকেল ওইয়েরজাবাল, যা ছিল ম্যাচে স্পেনের লক্ষ্যে নেওয়া প্রথম শট।
কেইনের রেকর্ড গোলসহ ম্যাচে যা যা ঘটল
শেষ ১৫ মিনিটে উদ্বেগ আরও বাড়ে ইংল্যান্ড শিবিরে। ইয়ামালের নিখুঁত ক্রস থেকে গোল করেন নিকো উইলিয়ামস। এরপর স্পেন প্রবল আক্রমণ চালালেও শেষ পর্যন্ত জয় ধরে রাখে ইংল্যান্ড।
ম্যাচ শেষে আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ড কোচ থমাস টুখেল বলেন, পরিস্থিতি, প্রতিপক্ষ আর কোথায় খেলেছি, এসব বিবেচনায় এটাই দলের সেরা পারফর্ম্যান্স। তিনি আরও বলেন, আমরা কী দিয়ে তৈরি, কী করতে পারি, সেটা দেখিয়েছি। আমরা সব সময় নিজেদের সীমা ছাড়াতে প্রস্তুত।

