পুরনো সোনার অলংকার বিক্রি বা বদলের ক্ষেত্রে নতুন নিয়ম এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রোববার থেকে কার্যকর হওয়া নিয়মে পুরনো অলংকার বদলে কর্তন কমে ৯ শতাংশ এবং বিক্রিতে ১৫ শতাংশ হয়েছে। ফলে এখন থেকে পুরনো গহনা বেচলে বা বদলালে আগের চেয়ে বেশি টাকা পাবেন গ্রাহকরা।
শনিবার বাজুস কার্যালয়ে সমিতির পরিচালনা পর্ষদের সভায় অলংকার বদল ও ক্রয় নীতিমালায় এই পরিবর্তন আনা হয়। সমিতির সভাপতি এনামুল হক খান জরুরি নোটিশে সদস্যদের বিষয়টি জানিয়েছেন।
পুরনো সোনার নতুন হিসাবে যা বদলাল
নতুন নিয়মে জুয়েলারি প্রতিষ্ঠানে পুরনো অলংকার বদলে নতুন কিনতে গেলে পুরনো অলংকারের বর্তমান ওজন থেকে ৯ শতাংশ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হবে। এত দিন বাদ দেওয়া হতো ১২ শতাংশ। অর্থাৎ এক ভরি ওজনের ২১ ক্যারেটের অলংকার বদলালে এখন মূল্য ধরা হবে ১ লাখ ৭৩ হাজার ৮১৬ টাকা, যেখানে আগে মিলত ১ লাখ ৬৮ হাজার ১৭৩ টাকা ‐ সাশ্রয় ৫ হাজার ৬৪৩ টাকা।
বিক্রির ক্ষেত্রেও কর্তন কমেছে। পুরনো অলংকার বিক্রি করতে গেলে এত দিন ওজন থেকে ১৮ শতাংশ বাদ দেওয়া হতো, এখন বাদ যাবে ১৫ শতাংশ। দশ বছর আগে প্রায় ৭০ হাজার টাকায় কেনা এক ভরি ২২ ক্যারেটের অলংকার শনিবার পর্যন্ত বিক্রি করলে মিলত ১ লাখ ৬৪ হাজার ৯৪০ টাকা; আজ থেকে পাওয়া যাবে ১ লাখ ৭০ হাজার ৯৭৪ টাকা ‐ ৬ হাজার ৩৪ টাকা বেশি।
বাজুসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম বলেছেন, এখন থেকে ক্রেতারা আগের থেকে বেশি লাভবান হবেন। তবে প্রকৃত মূল্য নির্ভর করবে সোনার বিশুদ্ধতা, ওজন ও দোকানের যাচাইয়ের ওপর; তাই বিক্রি বা বদলের আগে ওজন, বিশুদ্ধতা ও কর্তনের হিসাব লিখিতভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।




