জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধারাবাহিক সংলাপ শুরু হচ্ছে কাল সোমবার। প্রথম দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের দলটি দুপুরে এই সাক্ষাতে অংশ নেবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। তার আমন্ত্রণে সাড়া দিয়ে এনসিপি এই সাক্ষাতে যাচ্ছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে পারে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সংলাপে এনসিপি
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো বার্তায় জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করবে। আমন্ত্রণটিকে দলটি ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।
তবে এনসিপি মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারই জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, নাশকতা ও দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হতে পারে।
প্রতিনিধিদলের বাকি সদস্যদের নাম এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাজ্য সফর শেষে নাহিদ ইসলাম আজ রোববার বিকেলে দেশে ফিরবেন; তার সঙ্গে আলোচনা করেই বাকি নাম ঠিক করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ।
এনসিপির পর পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও বসবেন প্রধানমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে এই সংলাপে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান দেশে ফিরলে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক হতে পারে ২৭ বা ২৮ নভেম্বর। এর আগে ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে একান্ত বৈঠক হয়েছে।




