BRS TIMES
উপবৃত্তির টাকা যাবে সরাসরি হিসাবে ‐ যা করতে হবে
জাতীয়প্রচ্ছদ

উপবৃত্তির টাকা যাবে সরাসরি হিসাবে ‐ যা করতে হবে

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী অথবা তার অভিভাবকের হিসাবে পাঠানো হবে। এ জন্য যারা এখনো কর্মসূচির আওতায় নেই, তাদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ১৮ নভেম্বরের নির্দেশনায় বলা হয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে পড়ুয়া ছাত্রীদের সর্বজনীনভাবে, অর্থাৎ শতভাগ উপবৃত্তি দেওয়া হবে। ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে। বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।

উপবৃত্তির টাকা পেতে যা করতে হবে

উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে। এ জন্য শিক্ষার্থী অথবা তার অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে। যেসব ছাত্রী ইতিমধ্যে উপবৃত্তি পাচ্ছে অথবা যাদের তথ্য কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই।

অভিভাবক হিসেবে প্রথমে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানির মধ্য থেকে একজন অভিভাবক হতে পারবেন; সেক্ষেত্রে শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। কারো পরিবারের কেউই না থাকলে প্রতিষ্ঠানপ্রধান অন্য একজনকে অভিভাবক মনোনীত করে প্রত্যয়নপত্র দেবেন।

মোবাইল ব্যাংকিংয়ে অর্থ পেতে আলাদা শর্ত রয়েছে। বাবা অথবা মায়ের অন্তত একজন জীবিত থাকলেই কেবল এ পদ্ধতিতে টাকা নেওয়া যাবে। যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে এবং একই ব্যক্তির নামে মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। হিসাব খোলার সময় কেওয়াইসি ফরম যথাযথভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে; নিয়ম না মানলে জিটুপি পদ্ধতিতে অর্থ পাঠানো সম্ভব হবে না।

উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ এলাকার প্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি জানানোর পাশাপাশি উপবৃত্তি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সমাধানের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে।

Related posts

মোদি-শাহকে পাগল করে দেওয়ার কথা কেন বললেন রাহুল

rahman himel

ফজলুর রহমানের দলীয় সব পদ ৩ মাসের জন্য স্থগিত

News Desk

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

News Desk

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর

News Desk

ট্রাম্পের সমর্থনে বরখাস্ত হোয়াইট হাউসের সাইবার পরিচালক

rahman himel

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৩১, গ্রেপ্তার ৫ শতাধিক

brs@admin