পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা কাল সোমবার (২৩ নভেম্বর) বসছে। রাজধানীর শ্রম ভবনে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে সভাটি। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। বোর্ডের সচিব রাইসা আফরোজের সই করা নোটিশে সভার এই নতুন তারিখ জানানো হয়েছে।
সবার চোখ এখন এই সভার দিকে, কারণ এতে মালিকপক্ষের মজুরি কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে। এর আগে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। মালিকপক্ষের প্রস্তাব এলে দুই পক্ষের মধ্যে দর-কষাকষির পথ খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মজুরি বোর্ডের সভা কাল
তৃতীয় সভাটি হওয়ার কথা ছিল গত সোমবার (১৬ নভেম্বর)। কিন্তু সেদিন সকালে অনিবার্য কারণ দেখিয়ে সভা স্থগিত করা হয়। বোর্ডের প্রতিনিধিদের ভাষ্য, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ থাকায় সভা স্থগিত হয়েছে। তবে শ্রমিকনেতারা সভা স্থগিতের পেছনে সরকার ও মালিকপক্ষের কূটকৌশল রয়েছে বলে অভিযোগ করেছেন।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেছেন, রাতের অন্ধকারে সভা স্থগিত করা ঠিক হয়নি। ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপনের মতে, একজন প্রতিনিধি অসুস্থ থাকলেও সভা করায় আইনি বাধা ছিল না।
শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের জন্য আলাদা নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতনকাঠামো কার্যকরের ঘোষণা আসে। এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিলেও মালিকপক্ষ সেদিন কোনো প্রস্তাব দেয়নি; তারা সময় চাইলে বোর্ড চার কর্মদিবসের সময়সীমা বেঁধে দেয়।
মালিকপক্ষও দ্রুত সভা চায় বলে জানিয়েছে। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, তাঁরা চান এ সপ্তাহেই মজুরি বোর্ডের সভা হোক; নিম্নতম মজুরি ঘোষণায় মালিকপক্ষও আন্তরিক। বিজিএমইএ ও বিকেএমইএ স্থগিত সভা দ্রুত আয়োজনের আহ্বান জানিয়েছে।
সাবেক শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ মনে করেন, মালিকপক্ষের যৌক্তিক মজুরি প্রস্তাব পরিস্থিতির উন্নতি করতে পারে; আলোচনায় দেরি হলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে চলা অসন্তোষে পোশাক খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। শিল্প পুলিশের তথ্যমতে, সাভার-আশুলিয়া ও গাজীপুরে শ্রম আইনের ১৩(১) ধারায় ৬৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে; এর মধ্যে ৪০টিই সাভার-আশুলিয়ায়।

সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাক খাতের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। বর্তমান মজুরিকাঠামোর মেয়াদ শেষ হচ্ছে চলতি নভেম্বরেই। এ বছর শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।




