ক্যানসার আমাকে বদলে দিয়েছে; এটি শরীরকে বদলে দেয়, শারীরিকভাবে বদলে দেয়, কিন্তু একটি রোগনির্ণয় ভেতরে যে বদল ঘটায়, তা আরও অনেক গভীর ‐ বিবিসির নতুন প্রামাণ্যচিত্র হিলের ট্রেলারে নিজের ক্যানসার অভিজ্ঞতার কথা এভাবেই বলেছেন ওয়েলসের রাজকুমারী কেট মিডলটন।
গোপনে তৈরি ৩০ মিনিটের এই প্রামাণ্যচিত্রটি কেটের প্রথম নিজের নামে করা ছবি। শনিবার কেনসিংটন প্যালেস ট্রেলার প্রকাশের আগপর্যন্ত ছবিটির অস্তিত্ব প্রায় কেউই জানত না। আগামী ২৯ নভেম্বর বিবিসি ওয়ান ও আইপ্লেয়ারে প্রিমিয়ার হবে হিল; পরে দেখা যাবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডায়।
কেট মিডলটনের পাহাড় জয়ের গল্প
ছবিতে দেখা যাবে কেটের ন্যাশনাল থ্রি পিকস চ্যালেঞ্জ ‐ ২৪ ঘণ্টায় স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলসের সর্বোচ্চ তিন পাহাড় বেন নেভিস, স্ক্যাফেল পাইক ও স্নোডন জয়। গত জুনে এই চ্যালেঞ্জ তিনি শেষ করেন রয়্যাল মার্সডেন ক্যানসার চ্যারিটির জন্য; এই হাসপাতালেই
হয়েছিল তার নিজের চিকিৎসা। প্রামাণ্যচিত্রের বিতরণ থেকে পাওয়া সব অর্থ যাবে ওই চ্যারিটিতে।
পাহাড়ে ওঠার পথে ভাই জেমস মিডলটনের সঙ্গে কথোপকথনে কেট জানান, চিকিৎসা শেষের প্রতীকী ঘণ্টা তিনি কখনো বাজাননি। জেমসের জবাব ছিল, এই পাহাড় জয়ই হয়তো তার সেই ঘণ্টা বাজানো। শেষ পাহাড় স্নোডনের পাদদেশে অপেক্ষায় থাকা ছেলে জর্জ, মেয়ে শার্লট ও ছোট ছেলে লুইয়ের সঙ্গে আবেগঘন মুহূর্তও ধরা পড়েছে ছবিতে।
ট্রেলারে কেট আরও বলেছেন, জীবনের চ্যালেঞ্জ মানুষকে একা বয়ে বেড়ানোর জন্য নয়; প্রায়ই যন্ত্রণার ভেতর দিয়েই বোঝা যায়, এর ওপারে আরও বড় সৌন্দর্য লুকিয়ে আছে। অন্য রোগীদের অভিজ্ঞতাও জায়গা পেয়েছে ছবিতে; গুরুতর অসুস্থতার পর সুস্থ হয়ে ওঠা ও নতুন জীবনের গল্পই এর মূল বিষয়।
২০২৪ সালের জানুয়ারিতে পেটে অস্ত্রোপচারের পর পরীক্ষায় কেটের ক্যানসার ধরা পড়ে; ওই বছর মার্চে তিনি নিজেই তা জানান। সেপ্টেম্বরে কেমোথেরাপি শেষ হয় এবং ২০২৫ সালের জানুয়ারিতে তিনি জানান, তার ক্যানসার এখন রিমিশনে। ক্যানসারের ধরনটি
রাজপ্রাসাদ কখনো প্রকাশ করেনি।




