Wednesday, September 23, 2026
BRS TIMES
সাদ্দাম-ইনানকে হামলার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের
আইন-আদালতজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

সাদ্দাম-ইনানকে হামলার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা করতে সাদ্দাম-ইনানকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে একটি কল রেকর্ড দাখিল করেছে প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ কল রেকর্ড দাখিল করা হয়।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১১ জুলাই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনানকে সরাসরি ফোন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের। কল রেকর্ডের কথোপকথনে সাদ্দামের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘এদের মারো না কেন’। এসময় সাদ্দাম বলেন, ‘পুলিশ মুখোমুখি হতে নিষেধ করেছে’।

গত ৪ আগস্ট এ মামলায় যুক্তিতর্ক শুরু করে প্রসিকিউশন। এতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি ছিল পরিকল্পিত, সুসংগঠিত ও দেশব্যাপী ব্যাপক পরিসরে সংঘটিত একটি ‘সিস্টেমেটিক ক্রাইম’। আন্দোলন দমনের পরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় অঙ্গসংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করেছে।

তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলে আখ্যায়িত করার পর ছাত্রলীগকে মাঠে নামার নির্দেশ দেন ওবায়দুল কাদের। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালান।

এ মামলায় অন্য আসামিরা হলেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান। তারা সবাই পলাতক।

গত ২ আগস্ট তদন্ত কর্মকর্তাসহ ২৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ২০২৫ সালের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের দেওয়া ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়।

Related posts

কানাডায় কপিল শর্মার ‘ক্যাপ্‌স ক্যাফেতে’ গুলিবর্ষণ

News Desk

ড. ইউনূস-টিউলিপ সাক্ষাৎ হবে ২৪’র গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা: আবদুল হান্নান মাসউদ

brs@admin

বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা স্থগিত

News Desk

সম্পর্ক জোরদারে চার দিনের সফরে চীন যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

News Desk

কাল থেকে জিম্মি মুক্তি শুরু হবে

News Desk

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা করা যাবে না : ইসি

News Desk
Translate »