BRS TIMES
বনানীর মাদক মামলার শুনানিতে হাজির পরীমনি
প্রচ্ছদবিনোদন

বনানীর মাদক মামলার শুনানিতে হাজির পরীমনি

বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ গঠনের শুনানিতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ উপস্থিত হন।

বিচারক রবিউল আলমের আদালতে আজ মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে আদালতে গিয়ে জানা যায়, মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বদলি করা হয়েছে। পরে সিএমএম আদালতে হাজির হন পরীমনি।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর নতুন দিন ধার্য করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এই মামলায় পরীমনি ন্যায়বিচার পাবেন।

মাদক মামলার শুনানি ঘিরে পেছনের ঘটনা

এর আগে গত ২৯ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তাঁর আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। সেদিন রাষ্ট্রপক্ষ পরীমনির জামিন বাতিল করে অভিযোগ গঠনের আবেদন করেছিল।

মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও তাঁর খালু কবীর হোসেন হাওলাদার। ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে বাসা থেকে মাদক জব্দ করা হয়েছে বলে জানায় র‍্যাব।

এরপর ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। একই বছরের ৪ অক্টোবর তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি এই মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

পরে মামলার আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে হাইকোর্ট মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় আজ শুনানির দিন ধার্য ছিল।

Related posts

কাল দেশব্যাপী বিএনপির বিজয় র‌্যালি

News Desk

চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতা বাংলাদেশের

brs@admin

পিরোজপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার এম. সরোয়ার ও শেখ রাহাত

News Desk

দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ সুষ্ঠু নির্বাচন : প্রধান উপদেষ্টা

News Desk

এ বছর বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি

News Desk

নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই: সারজিস আলম

News Desk