আগামী তিন মাসে দেশের ওপর দিয়ে ৮ থেকে ১০টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শৈত্যপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা সবচেয়ে বেশি। তীব্র শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা নেমে যেতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময়ে বঙ্গোপসাগরে দুই থেকে পাঁচটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
শুধু নভেম্বর মাসেই বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে।
তবে পুরো তিন মাসের হিসাবে দেশে সার্বিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম এই দীর্ঘমেয়াদি পূর্বাভাস তুলে ধরেন। পূর্বাভাস অনুযায়ী, এবারের শীতে সবচেয়ে বেশি প্রকোপ থাকবে দেশের উত্তরাঞ্চলে।




