রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের । রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।
দুর্ঘটনা ঘটল কীভাবে
ফায়ার সার্ভিস জানায়, এশিয়ান ইউনিভার্সিটির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়; এর চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন।
আহত দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত চারজনের মরদেহ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।




