পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় চলমান আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার পৃথক দুটি এলাকা থেকে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ তাঁদের আটক করে।
আটক তিন নেতা কারা
আটক তিনজন হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭), বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮) ও বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)।
মো. শামীমকে জিরাবো এলাকা থেকে এবং হালিম ও মনসুর আলীকে বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, আন্দোলনে উসকানি ও ধ্বংসাত্মক কাজে সহায়তার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। আটকদের আশুলিয়া থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মজুরি আন্দোলন ঘিরে কয়েক দিন ধরে উত্তপ্ত আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার সকালেও নিশ্চিন্তপুর এলাকায় একটি গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে।
এদিকে তিন নেতাকে আটকের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন। তিনি আটক নেতাদের মুক্তি দাবি করেছেন।
খায়রুল মামুন বলেন, সংলাপের পথ বেছে না নিয়ে গ্রেপ্তার, হামলা ও মামলা কোনো সমাধানের পথ নয়; এ ধরনের পদক্ষেপ শ্রমিকদের আরও উসকে দেবে। শ্রমিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই উদ্ভূত পরিস্থিতির সমাধান করতে হবে।




