হরমুজ প্রণালী এলাকায় দুটি তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।
শুক্রবার সংস্থাটি জানায়, হরমুজ প্রণালী থেকে বের হওয়ার সময় একটি তেলবাহী ট্যাংকার হামলার শিকার হয়। হামলার পর জাহাজটিতে অল্প সময়ের জন্য আগুন ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং জাহাজটি আবার যাত্রা শুরু করতে সক্ষম হয়।
এ ঘটনায় কোনো নাবিক হতাহত হননি। পাশাপাশি পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। তবে জাহাজটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল বা এর গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বদিকে আরেকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হানার খবর পাওয়া যায়। ওই জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন। এ ঘটনাতেও পরিবেশগত ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনাগুলো কীভাবে ঘটেছে এবং হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো তদন্ত করছে।
হরমুজ প্রণালীর গুরুত্ব
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। মধ্যপ্রাচ্যের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের একটি বড় অংশ এই জলপথের ওপর নির্ভরশীল।
বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে হরমুজ প্রণালী সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়।
প্রতিবেদন অনুযায়ী, তেহরানের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়া এবং অনুমতি ছাড়া প্রণালীতে প্রবেশের অভিযোগ রয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ঘিরে পাল্টা অবরোধ আরোপ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।




