তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। ন্যূনতম মজুরি হবে ১৭ হাজার টাকা, যা বর্তমানের চেয়ে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বেশি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কার্যকর হবে।
রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে গতকাল মঙ্গলবার চতুর্থ সভা বসে। দুপুরে শুরু হওয়া সভা চলে প্রায় ১২ ঘণ্টা, শেষ হয় গভীর রাত দেড়টার দিকে। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।
পোশাক শ্রমিকদের নতুন মজুরি
নতুন কাঠামোয় গ্রেড ৪ বা সর্বনিম্ন গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। গ্রেড ৩-এ মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড ২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড ১-এ ২১ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা।
দর-কষাকষির পর মালিকপক্ষ ১৭ হাজার টাকা ও শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকা মজুরির সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকলে শেষ পর্যন্ত ভোটাভুটির সিদ্ধান্ত নেন বোর্ডের চেয়ারম্যান। বোর্ডের ছয়জন সদস্যের মধ্যে শ্রমিকদের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন, বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দিলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়।
এর আগে সোমবারের সভায় শ্রমিকপক্ষ গ্রেডভেদে ২২ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত মজুরি দাবি করেছিল। বিপরীতে মালিকপক্ষ সর্বনিম্ন ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দিয়েছিল। অক্টোবর থেকে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলনও চলছিল।
বৈঠক শেষে গভীর রাতে প্রেস ব্রিফিংয়ে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি বলেন, মাত্র তিন সপ্তাহের মধ্যে একটি সিদ্ধান্তে আসা সম্ভব হয়েছে। প্রথম তিনটি গ্রেড নিয়ে দুই পক্ষের মধ্যে কোনো দ্বিমত ছিল না, চতুর্থ গ্রেডের বিষয়ে একমত না হওয়ায় গোপন ভোটের মাধ্যমে মজুরি নির্ধারণ করা হয়েছে।

