পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই দিন সন্ধ্যায় নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তার আরেকটি বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের এক দল বিক্ষুব্ধ জনতা তারাবুনিয়া এলাকায় ব্যারিস্টার শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরে অবস্থিত তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
তবে এ ঘটনায় দুই বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিমের গ্রাম উপজেলা সদরের বাড়িতে একদল বিক্ষুব্ধ জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা শুনেছি দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।




