ক্রমবর্ধমান জনসংখ্যার বিপরীতে জায়গার তীব্র সংকটে ঢাকার দুই সিটি করপোরেশনের কবরস্থানগুলো। সাধারণ দাফনের খরচ সাধ্যের মধ্যে রাখা হলেও প্রিয়জনের কবর দীর্ঘদিন সংরক্ষণ করতে গেলে গুনতে হয় লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। কবর সংরক্ষণ নিরুৎসাহিত করতেই দুই সিটি করপোরেশনের রয়েছে বিশেষ নীতিমালা।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় সাধারণ দাফনে কবর রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা। তবে দুস্থ, অসহায় ও বিত্তহীন মৃত ব্যক্তির ক্ষেত্রে প্রতীকী ফি হিসেবে মাত্র ১০০ টাকা নেওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রতিটি দাফনের রেজিস্ট্রেশন ফি ১ হাজার টাকা, আর বেওয়ারিশ লাশ দাফনের পুরো খরচ বহন করে সিটি করপোরেশন। দুই ক্ষেত্রেই কবর খনন ও বাঁশ-চাটাইয়ের খরচ আলাদা।
সাধারণ কবর নির্দিষ্ট সময় পর আবার নতুন দাফনে ব্যবহার করা হয়। বনানী কবরস্থানে সাধারণ কবরের মেয়াদ দুই বছর, আজিমপুরে তা প্রায় দেড় বছর। অর্থাৎ মেয়াদ শেষ হলে একই জায়গায় অন্য লাশ দাফন করা হয়।
দাফন ও সংরক্ষণে কোথায় কত ফি
রাজধানীর কোনো কবরস্থানেই জীবিত অবস্থায় অগ্রিম কবর সংরক্ষণ বা প্লট কিনে রাখার সুযোগ নেই, তা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে দাফনের পর বিশেষ বিবেচনায় নির্ধারিত ফি দিয়ে নির্দিষ্ট মেয়াদে কবর সংরক্ষণ করা যায়। ডিএনসিসির কবরস্থান ব্যবস্থাপনা নীতিমালা-২০২২ অনুযায়ী উত্তরের ছয়টি কবরস্থানে ১৫ ও ২৫ বছর মেয়াদে সংরক্ষণের সুযোগ রয়েছে।
সবচেয়ে বেশি ফি বনানী কবরস্থানে ‐ ১৫ বছরের জন্য ১ কোটি টাকা এবং ২৫ বছরের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা। উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে ১৫ বছরে ৭৫ লাখ ও ২৫ বছরে ১ কোটি টাকা, উত্তরা ১২ নম্বর সেক্টরে যথাক্রমে ৫০ লাখ ও ৭৫ লাখ টাকা এবং উত্তরা ১৪ নম্বর সেক্টরে ৩০ লাখ ও ৫০ লাখ টাকা লাগে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ফি ২০ লাখ ও ৩০ লাখ টাকা, আর রায়েরবাজার স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানে ১০ লাখ ও ১৫ লাখ টাকা।
ডিএসসিসির আজিমপুর, জুরাইন ও খিলগাঁও কবরস্থানে সংরক্ষণের নিয়ম কিছুটা ভিন্ন। এখানে কেবল জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত বরেণ্য ব্যক্তি, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সমাজে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের জন্য বিশেষ বিবেচনায় ১০ থেকে ২৫ বছর মেয়াদে সংরক্ষণের সুযোগ মেলে। ফি ১০ বছরে ৫ লাখ, ১৫ বছরে ১০ লাখ, ২০ বছরে ১৫ লাখ এবং ২৫ বছরে ২০ লাখ টাকা।
সংরক্ষিত কবরে পরিবারের অন্য সদস্যকে পুনঃদাফনেরও সুযোগ রয়েছে। ডিএনসিসি এলাকায় বনানীতে পুনঃকবরের ফি ৫০ হাজার ৫০০ টাকা, অন্যান্য কবরস্থানে ৩০ হাজার ৫০০ টাকা; ডিএসসিসিতে তা ৫০ হাজার টাকা। তবে এই সুযোগ কেবল মৃত ব্যক্তির বাবা-মা, স্বামী-স্ত্রী, সন্তান ও ভাইবোনের জন্য প্রযোজ্য।
বীর মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে আলাদা বিধান। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের বর্ধিত অংশে মুক্তিযোদ্ধাদের জন্য দেড় একর জায়গা সংরক্ষিত রয়েছে, আর অনুমোদন সাপেক্ষে তাদের কবর প্রথম ১০ বছর বিনা ফিতে সংরক্ষণ করা যায়।

